কুষ্টিয়ায় সাগর হত্যা: ২ আসামি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৩:২৯
কুষ্টিয়া সদর উপজেলার অন্তর্গত হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামের প্রদীপ সাহার ছেলে কলেজ ছাত্র সাগর সাহা অপহরণ ও হত্যা মামলার আসামি শিপন এবং বাদশাকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার রাতে র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের আভিযানিক দল ঢাকা থেকে পলাতক আসামি শিপনকে গ্রেপ্তার করে। পরে তার তার দেয়া তথ্যমতে বাদশাকে গ্রেপ্তার করা হয়।
 
র‌্যাব জানায়, এই হত্যা মামলার অন্যতম আসামি ক্রসফায়ারে নিহত এনামুল হকের দেয়া স্বীকারোক্তি মতে দীর্ঘদিন পলাতক আসামি শিপনকে (২৬) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে র‌্যাব বাদশাকে গ্রেফতার করে। বাদশা ও শিপনের দেয়া তথ্য অনুযায়ী জেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব পাশে বাঁশ ঝাড়ের মাটি খুড়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। শিপন ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন শিবপুর গ্রামের বাবলু বিশ্বাসের ছেলে এবং বাদশা একই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। তাদের বিরুদ্ধে ইবি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
র‌্যাবের উপ-পরিচালক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, সাগরকে অপহরণ ও হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে শিপন।
 
উল্লেখ্য, চলতি বছরের গত ১৬ আগষ্ট রাত নয়টার দিকে হরিনারায়ণপুর বাজার থেকে অজ্ঞাতনামা আসামিরা কলেজ ছাত্র সাগর সাহাকে অপহরণ করে  ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় সাগরের বাবা ব্যবসায়ী প্রদীপ সাহা ইবি থানায় অপহরণ মামলা করেন। ঘটনার একদিন পর ১৭ আগস্ট পুলিশ শিবপুর গ্রামের পরিত্যক্ত একটি কুয়ার মধ্যে সাগর সাহার লাশ উদ্ধার করে।
 
ইত্তেফাক/এএম।