কুষ্টিয়ার চৌড়হাসে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৪:৫৪
সদর উপজেলার চৌড়হাসে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার ভোরে চৌড়হাস ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত সাইফুল ইসলাম আলামপুর ইউনিয়নের দহকোলা গ্রামের ইবাদতের ছেলে।
 
পুলিশ জানায়, সা্ইফুল মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়া শহরে আসছিলেন। এ সময় চৌড়হাসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
 
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
 
ইত্তেফাক/এএম।