নাটোর সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ৬১৩ নির্যাতিত নারী ও শিশু সেবা গ্রহণ করেছে। ২০১৩ সালে কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সেবা গ্রহণকারী নারী ও শিশু এবং তাদের অভিভাবকদের মানসিক কাউন্সেলিং এবং আইনগত সহায়তা প্রদান করে আসছে।
ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সূত্রে জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাল্টি-সেক্টরাল প্রোগ্রাম অন ভায়োলেন্স এগেইনস্ট উইমেন প্রকল্পের আওতায় নাটোর সদর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে নির্যাতিত নারী ও শিশুদের তথ্য সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে নির্যাতিত এবং তাদের অভিভাবকদের নির্যাতনের মানসিক যন্ত্রণা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় কাউন্সেলিং প্রদান করা হয়। নির্যাতনের মাত্রা বিবেচনায় প্রয়োজনে তাদেরকে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী বেসরকারি উন্নয়ন সংস্থার কাছে পাঠানো হয়।
আইনগত সুরক্ষার জন্যে ওসিসি কর্তৃপক্ষ নির্যাতিতদের সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করার ক্ষেত্রে সহযোগিতা করে দিয়ে থাকে। আর্থিকভাবে অস্বচ্ছলদের বিনামূল্যে মামলা দায়ের ও পরিচালনার জন্যে লিগাল এইড কমিটির সাথে যোগসূত্র তৈরি করে দেয় ওসিসি। বাসস।
ইত্তেফাক/এমআই
