বুলডোজার দিয়ে রিকশা ধ্বংস বন্ধ, ক্ষতিগ্রস্ত রিকশা চালকদের ক্ষতিপূরণ, নিয়ম-বিধিমালা প্রণয়নের মাধ্যমে ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স প্রদানের দাবিতে বগুড়ায় শ্রমিক ফ্রন্টের আয়োজিত মানববন্ধন কর্মসূচী পুলিশী বাধায় পণ্ড হয়েছে।
৪ অক্টোবর প্রশাসন বুলডোজার দিয়ে ব্যাটারি চালিত রিকশা প্রকাশ্যে ভেঙে দেয়ার প্রতিবাদে রবিবার বেলা সাড়ে ১২টায় শহরের সাতমাথায় এই মানববন্ধন কর্মসূচীর অায়োজন করেছিল সংগঠনটি।
IMG0
এসময় বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ কর্মসূচী পালনে বাধা প্রদান করে। পুলিশ বাধায় মাইকে কথা বলতে না দেয়ার প্রতিবাদে সংগঠনের জেলা সভাপতি সাইফুজ্জামান টুটুল তাৎক্ষণিক ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করে বলেন, গণতান্ত্রিক দেশে শ্রমিকদের পক্ষে কথা বলার জায়গা বন্ধ করে দেয়া কতটা গণতান্ত্রিক? বগুড়া প্রশাসনের এই চরিত্র রাষ্ট্রের ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ। এসময় শ্রমিক নেতা রায়হান আলী, শিব সংকর শিবু, মো. সাগর, সুরেশ চন্দ্র দাস মনো প্রমুখ উপস্থিত ছিলেন।
বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, পূর্বানুমতি গ্রহণ না করায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মানববন্ধন কর্মসূচী পালন করতে দেয়া হয়নি।
ইত্তেফাক/জামান
