খুলনায় অপরাধ কর্মকাণ্ড কমেছে

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৭:৪৩
 
খুলনায় অপরাধ কর্মকাণ্ড কমেছে। গত সেপ্টেম্বর মাসে মহানগরীসহ জেলার ১৭ থানায় খুন ও ধর্ষণসহ ৩৪৯টি মামলা হয়েছে। এর আগে আগস্ট মাসে এ সংখ্যা ছিল ৪৪৪টি। রবিবার জেলা আইনশৃঙ্খলা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন উল আহসান।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সেপ্টেম্বর মাসে খুলনা মহানগরীর আট থানায় সাতটি চুরি, দ্রুত বিচারে একটি, ধর্ষণ ৩টি, নারী ও শিশু নির্যাতন ১৭টি, মাদকদ্রব্য ১২৫টি এবং অন্যান্য ২৮টিসহ ১৮১টি মামলা দায়ের হয়েছে। গত আগস্টে এ সংখ্যা ছিল ২৩০টি। এছাড়া জেলার নয় থানায় সেপ্টেম্বর মাসে চুরি ৪টি, খুন ৪টি, ধর্ষণ ৩টি, নারী ও শিশু নির্যাতন ১৮টি, নারী ও শিশু পাচার ১টি,  মাদকদ্রব্য ৬২টি এবং অন্যান্য আইনে ৭৬টিসহ মোট ১৬৮টি মামলা দায়ের হয়েছে। গত আগস্ট মাসে এ সংখ্যা ছিল ২১৪টি।
 
সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, উপজেলা চেয়ারম্যানগণ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কেএমপি ও র‌্যাব প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন।
 
ইত্তেফাক/জামান