রাজবাড়ীর গোয়ালন্দে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার থামছেই না। শনিবার রাতে পদ্মা নদীর দৌলতদিয়া, উজানচর এবং দেবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত রাতে প্রায় ছয় লাখ টাকা মূল্যের ৩০ হাজার মিটার জালসহ এক মন মাছ জব্দ করে। পরে জালগুলো নদী পাড়েই পুড়িয়ে ফেলা হয়। এসময় উজ্জল খান (৩০), জালাল শেখ (৫৫), আতাই সরদার (২৭), শহিদুল ইসলাম (৪৭), কালাম মণ্ডল (২০), ফরিদ মোল্লা (৪৫) ও চান মিয়া শেখ (৩০) নামের সাত জেলেকে আটক করে।
রাতেই আটককৃত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ সাদিদ।
ইত্তেফাক/জামান
