ফুলপুরের এক চিকিৎসক দেখালেন অনন্য মানবিকতা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ০৫:১৮

মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করলেন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার প্রাণেশ চন্দ্র পণ্ডিত।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-শেরপুর-হালুয়াঘাট মহাসড়কের তারাকান্দা উপজেলার কাকনী নামক স্থানে এক যুবককে জলাশয় থেকে উদ্ধার করে পুলিশ। শফিকুল ইসলাম (২১) নামে যুবকটি অজ্ঞান পার্টির কবলে পড়ছিল।

শফিকুলের পরিবার সূত্রে জানা যায়, সে শনিবার রাত ৮টার দিকে সিএনজি অটো রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। দুর্বৃত্তরা তার সিএনজি নিয়ে গিয়েছে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল হক ইত্তেফাককে জানান, রবিবার সকালে খবর পেয়ে কাকনী এলাকার জলাশয় থেকে ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জলাশয়ে পড়ে থাকা অবস্থায় জোঁক তাকে পা থেকে মাথা পর্যন্ত ক্ষত-বিক্ষত করে ফেলে। এ করুণ অবস্থা দেখে পুলিশও আতকে উঠে। তারাকান্দা থানার ওসি শফিকুলের অবস্থা আবাসিক মেডিক্যাল অফিসার প্রাণেশ চন্দ্র পণ্ডিতকে জানালে তিনি হাসপাতালে পাঠানোর জন্য বলেন।

শফিকুলকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্রুত তার চিকিৎসা-সেবা শুরু হয়। ডাক্তার প্রাণেশ চন্দ্র পণ্ডিত নিজের পকেটের টাকায় স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ কিনে চিকিৎসা সেবা শুরু করেন। নিজের হাতে পরম মমতায় ড্রেসিং-ব্যাণ্ডেজ করে দেন। পরে শফিকুলের স্বজনরা হাসপাতালে শফিকুলকে খুুঁজে পায়।

প্রাণেশ চন্দ্র পণ্ডিত ইত্তেফাককে জানান, যুবকের পা থেকে মাথা পর্যন্ত জোঁকের কামড়ে ক্ষত-বিক্ষত। তার এখনও জ্ঞান ফেরেনি। তবে সে আশঙ্কামুক্ত।

প্রাথমিক চিকিৎসা শেষে আরও ভালো চিকসার জন্য বেলা পৌনে তিনটার দিকে শফিকুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু