একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট জেলার ৬টি আসনে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়-ঝাঁপ শুরু হয়ে গেছে বেশ আগে থেকেই। বড় দুই দলের মনোনয়ন পেতে সর্বাত্মক চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। সিলেটের ছয়টি আসনে বিএনপি, আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও মনোনয়ন দৌড়ে রয়েছেন। তাদের সংখ্যা অর্ধশত। ইচ্ছুক প্রার্থীরা এবার মাহে রমজান, ঈদ, পূজা উপলক্ষে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে ফসল হারা দুর্গত মানুষের সঙ্গে যোগাযোগ করেন। ওইসব এলাকায় সম্ভাব্য প্রার্থীদের পক্ষে শোভা পাচ্ছে ব্যানার, পোস্টার। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সিলেট জেলা ৬টি আসনে জয়লাভ করে। এবার বিএনপি নেতৃত্বাধীন জোট আসনই নিতে মরিয়া। যদিও আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি তাদের।
সিলেটের কয়েকটি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এসব আসনে ক্ষমতাসীনদের মধ্যে ক্ষোভ ও দ্বন্দ্ব বিরাজ করছে। এদিকে খেলাফত মজলিশ কেন্দ্রীয় কমিটির হাতে সিলেট বিভাগের ১৯টি আসন থেকে দলীয় অন্তত ১৩ ইচ্ছুক প্রার্থীর নামের একটি তালিকা পৌঁছেছে। এরই মধ্যে সিলেটের দুটি আসনে দুজন দলের ‘সবুজ সংকেত’ পেয়ে এলাকায় কাজও শুরু করে দিয়েছেন। সিলেটের ৬টি আসনেই আওয়ামী লীগ, বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন লাভে লবিং করছেন। মাঠে কাজ করছেন।
