যশোরে জঙ্গি সন্দেহে একটি বাড়ি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১০:২৯
যশোরে ঘোপ নওয়াপাড়া রোডে মসজিদপাড়ায় জঙ্গি সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোয়াটের দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাত ১০টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
 
বাড়ির মালিক বাবলির স্বামী যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী জানান, বাড়ির ভাড়াটিয়া মশিউর রহমান একটি হারবাল কোম্পানিতে চাকরি করেন। তার বাড়ি কুষ্টিয়ায়।
 
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, সোয়াটের দেয়া তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়। তাদের ধারণা এই বাড়িতে জঙ্গি অবস্থান করছে। পুলিশ ওই এলাকায় সাংবাদিকসহ কাউকে ঢুকতে দিচ্ছেনা।
 
তিনি আরো জানান, সোমবার ভোর পাঁচটায় সোয়াটের এএসপি মাহবুবের নেতৃত্বে একটি দল অভিযানের জন্য যশোরে এসে পৌঁছেছে। তারা এলাকা রেকি করে বিশ্রামে গেছেন। অল্প সময়ের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছে জঙ্গি আস্তানায় অভিযান শুরু করবেন।
 

ইত্তেফাক/এএম।