‘চাইনা আমার জন্য কোনো প্রযোজক বা পরিচালক সমস্যায় পড়ুক’

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১০:৪৩
 
দীর্ঘ অপেক্ষার পর চিত্রনায়িকা অপু বিশ্বাস ফিরলেন ফিল্ম ক্যামেরার সামনে। শেষবার ফিল্মের শুটিং শেষ করে এখন পর্যন্ত সময়টায় বদলে গেছে অনেক কিছু। নতুন পরিচয়, বিপরীত আলোচনা সবকিছু পাল্টেছে। তবে সব শেষে নায়িকা ফিরলেন। 
 
গতকাল থেকে এফডিসিতে শুটিং শুরু করেছেন অপু। তার বিপরীতে থাকছেন শাকিব খান। ‘পাংকু জামাই’ শিরোনামে ছবিতে সারাদিন এফডিসিতে শুটিং করেছেন অপু। কিন্তু কথা ছিল আরো সময় নিয়ে ফিরবেন তিনি। 
 
অপু এই প্রসঙ্গে বলেন, ‘সময় নিয়ে ফেরার বিষয়টি নতুন ছবির ক্ষেত্রে। আমি আগেই বলেছি আমার বেশ কয়েকটি চলচ্চিত্র আগে থেকেই সাক্ষর করা আছে। আমি চাই না আমার জন্য কোনো প্রযোজক বা পরিচালক কোনো সমস্যায় পড়ুক। সেই জমে থাকা কাজগুলো শেষ করছি।’
 
শাকিব-অপু এখন ইন্ডাস্ট্রির প্রকাশ্য দম্পতি জুটি হলেও মান-অভিমানের ঘটনাগুলো সবার জানা। সেই জায়গা থেকে আবারো শাকিবের বিপরীতে অভিনয় শুরু করার প্রসঙ্গে অপু বলেন, ‘এটা স্বাভাবিক বিষয়। ছবিটির সাথে আমরা আগে থেকেই চুক্তিবদ্ধ। এখন এই বিষয়গুলো আগে থেকে বলার কিছু নেই। হাতের কাজগুলো শেষ করি আগে।’
 
ইত্তেফাক/আনিসুর