‌‘পেনশন প্রক্রিয়া আরো সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে’

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৭:৫৬
 
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুবিধার্থে পেনশন প্রক্রিয়াকে আরো সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে। 
 
আজ সোমবার রাজধানীর ধানমন্ডির অবসর ভবনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৭-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
 
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। 
 
দেশে এখন অল্প খরচে উন্নত চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের একজন মানুষের গড় আয়ু পৃথিবীর মানুষের গড় আয়ুর তুলনায় বেশি। আগামী দিনে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তাদের চাহিদা পূরণে আমাদের আরো বিস্তারিত পরিসরে কাজ করতে হবে। 
 
তিনি বলেন, প্রবীণরা সমাজ ও দেশের জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ। তারা সারাজীবন সমাজ ও দেশের কল্যাণে কাজ করেছেন। তাদের পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতি দিতে হবে। বাসস
 
ইত্তেফাক/কেকে