রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় কলেজছাত্র ও নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে এবং সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
তারা হলেন, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রাব্বি শেখ, নগরীল ভদ্রা এলাকার হাসিনা বেগম, ঝিনাইদহের কোর্টচাঁদপুর এলাকার ট্রাকচালক আক্তার হোসেন ও নগরীর কাশিয়াডাঙ্গার ইলেকট্রিক মিস্ত্রী আব্দুস সালাম।
পবা থানার ওসি পরিমল চক্রবর্তী জানান, সোমবার দুপুরে পবা উপজেলার আলীমগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থী রাব্বি শেখ মারা যান। তিনি নগরীর রাজপাড়া থানার বসুয়ার আজান শেখের ছেলে।
রাজশাহী জিআরপি থানার ওসি আকবর হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় নগরীর ভদ্রা রেলওয়ে বস্তি এলাকায় ট্রেনের ধাক্কায় গৃহবধূ হাসিনা বেগমের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার কামাল হোসেনের স্ত্রী।
এদিকে পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে পুঠিয়ার ঝলমলিয়া এলাকায় পিকআপের চাপায় ঝিনাইদহের কোটচাঁদপুরের ট্রাক চালক আক্তার হোসেনের মৃত্যু হয়।
অন্যদিকে নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, সোমবার সকাল ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জার থেকে বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন চালক আব্দুস সালাম।
তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবদুস সালাম ওই এলাকার শুকুর আলীর ছেলে।
ইত্তেফাক/ আরকেজি
