গাজীপুরে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২০:৫৫
 
গাজীপুর মহানগরীর টান কড্ডা এলাকায় ট্রাক চাপায় জোবায়ের হোসেন জিদান (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। জিদান ওই এলাকার মো. মুসা মিয়ার ছেলে। সে স্থানীয় ডেফোডিল প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিল।
 
সোমবার দুপুর ১২টার দিকে ওই এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জিদান বাসা থেকে বের হয়ে সাইকেল নিয়ে টান কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আসে। এ সময় কোনাবাড়িগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
 
দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা তাকে আটক করে। আটককৃত ট্রাক চালকের নাম  মো. জারদিস আলী।
 
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সূচি আক্তার জানান, দুপুরে জিদান নামের ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
 
নাওজোর পুলিশ ফাঁড়ির এএসআই বিনয় কুমার জানান, সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি