কুষ্টিয়ার মিরপুরে ইউএনও অফিসে দুঃসাহসিক চুরি

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২৩:০২

কুষ্টিয়ার মিরপুরে ইউএনও অফিসসহ দু’টি সরকারি দপ্তরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

রবিবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ও উপজেলা সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দিবাগত রাতে ইউএনও অফিসের নাজির মোস্তাফিজুর রহমানের ২০৫ নং কক্ষে চোর প্রবেশ করে সরকারি নগদ ৪২ হাজার টাকা চুরি করেছে। সেই সঙ্গে সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে ঢুকে সাব-রেজিষ্ট্রার অঞ্জু দাসের দপ্তর থেকে মূল্যবান কাগজপত্র চুরি হয়।

সকালে খবর পেয়ে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর-ইবি) সার্কেল নুর-ই আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, চুরির ঘটনায় নৈশ প্রহরী সেলিম উদ্দিন, মুক্তার হোসেন, আরিফুর রহমান, কামাল হোসেন ও স্বপনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চুরির ঘটনায় মিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/নূহু