একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে বড় দু’দলের মনোনয়ন প্রত্যাশীদের তোড়জোড় শুরু হয়েছে। অনেক প্রার্থীর শুভেচ্ছা পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। গত ঈদুল ফিতর থেকে শুরু হয়েছে নির্বাচনী গণসংযোগ। জেলার রাজাপুর ও কাঁঠালিয়া নিয়ে ঝালকাঠি-১ এবং ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে ঝালকাঠি-২ আসন। এ দুটি আসনই ধরে রাখতে ব্যস্ত আওয়ামী লীগ। বিশেষ করে ঝালকাঠি-১ আসনে জল্পনা-কল্পনা একটু বেশি। আসনটিতে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য বিএইচ হারুন এবং বিএনপির সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরও শক্ত অবস্থানে রয়েছেন। এ আসনটিতে আবারো জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং বর্তমান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু মহাজোটের প্রার্থী হলে বিএনপির ঘাঁটিতে আঘাত হানতে পারে বলে ভাবছেন ভোটাররা। অপরদিকে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু একক প্রার্থী বলেই সর্বমহল থেকে শোনা যাচ্ছে।
ঝালকাঠি-১ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৮ হাজার ৩১ জন। এর মধ্যে এক লাখ ১৩ হাজার ৬৫৭ জন পুরুষ এবং নারী ভোটার রয়েছেন এক লাখ ১৪ হাজার ৩৭৪ জন। ঝালকাঠি-২ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮১ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪১ হাজার ২০৬ জন এবং নারী ভোটার এক লাখ ৩৯ হাজার ৮৬৬ জন। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যা ছয় লাখ ৯৪ হাজার ৯০ জন। এর মধ্যে পুরুষ তিন লাখ ৪৬ হাজার ১৬১ জন এবং নারীর সংখ্যা তিন লাখ ৪৭ হাজার ৯২৯ জন। জেলার মোট আয়তন ৭৩৫ দশমিক ০৯ কিলোমিটার বা ২৮৩ দশমিক ৭২ বর্গমাইল। এ জেলার মানুষের জীবন-জীবিকা চাকরি, কৃষি ও বিভিন্ন ছোট-বড় ব্যবসা-বাণিজ্য।
ইত্তেফাক/নূহু
