নেত্রকোনায় জানুয়ারির প্রথম দিনেই বই বিতরণের প্রস্তুতি

আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ০০:৫৯

আগামী বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের প্রথম দিনেই যাতে নেত্রকোনা জেলার ১০ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বই পেতে পারে তার জন্য নেত্রকোনায় ৫৫ লাখ বই আনার কাজ শুরু হয়েছে। গত পক্ষকাল যাবত্ ঢাকা থেকে ট্রাকযোগে এই সমস্ত বই আনা হচ্ছে।

 নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম রিয়াজ উদ্দিন গত শনিবার এ প্রতিনিধিকে জানান, নেত্রকোনা জেলায় আগামী বছরে প্রাথমিক বিভাগের শিক্ষার্থীদের মাঝে বিতরণের  জন্য ২০ লাখ বিভিন্ন ধরনের পাঠ্য পুস্তক প্রয়োজন হবে। ইতিমধ্যে প্রায় অর্ধেক বই এসে পৌঁছে গেছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়ালিউল্লাহ  জানান, জেলায় মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ৩২ লাখ বই বরাদ্দ রয়েছে। ধীরে ধীরে ট্রাকযোগে এই সমস্ত বই নেত্রকোনায় পৌঁছতে শুরু করেছে। ডিসেম্বরের মধ্যেই সমস্ত বই নেত্রকোনায় এসে যাবে বলে তিনিও জানান।

এদিকে  নেত্রকোনা জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান বলেন, জানুয়ারির প্রথম দিনেই যাতে পাঠ্যপুস্তক যথাযথভাবে শিক্ষার্থীদের হাতে যায় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু