মাদক ব্যবসায় বাধা দেয়ায় বাবা-মাকে মারপিট, ছেলে আটক

আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১২:৫৪
 
মাদক ব্যবসায় বাধা দেয়ায় বাবা-মাকে মারপিট করার অভিযোগে তাদের ছেলেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নিজ বাড়ি মাগুরা সদরের বেলনগর গ্রাম থেকে ছেলে জুয়েল বিশ্বাসকে (৩৫) আটক করা হয়।
 
বাবা মোসলেম বিশ্বাস ও মা ফাতেমা বেগম অভিযোগ করেন- তাদের বড় ছেলে জুয়েল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কাজের সাথে যুক্ত। ছেলের স্ত্রী সালেহা বেগমও মাদক ব্যবসায় নিযুক্ত। এসব ব্যবসায় নিষেধ করা নিয়ে মাঝে মধ্যেই বাবা ছেলের মধ্যে বাক বিতণ্ডা হতো। এরই প্রেক্ষিতে গত শনিবার জুয়েল ও তার স্ত্রী মিলে তাদেরকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় তারা মাগুরা সদর থানায় এসে লিখিত  অভিযোগ করেন।
 
মাগুরা সদর থানার এসআই আনিসুর রহমান জানান, বাবা মোসলেম বিশ্বাসের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ জুয়েলকে আটক করে। তার বিরুদ্ধে আরো কিছু মামলা আছে। সেই মামলাগুলিও পরীক্ষা করে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/জামান