কঙ্গোতে হামলায় তাঞ্জানিয়ার ২ শান্তিরক্ষী নিহত: জাতিসংঘ

আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৪:১৩
কঙ্গোর অস্থিরতাপূর্ণ পূর্বাঞ্চলে জাতিসংঘের একটি সামরিক ঘাঁটিতে সোমবার এক বিদ্রোহী গ্রুপের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর দুই সেনা নিহত ও আরো ১২ জন আহত হয়েছে। জাতিসংঘ মিশন একথা জানায়। 
IMG0
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর জাতিসংঘ মিশনের এক মুখপাত্র জানান, কঙ্গোর বেনিতে এ হামলার ঘটনা ঘটে। সেখানে জাতিসংঘ সেনারা বিদ্রোহী গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) বিরুদ্ধে যুদ্ধ করছে। এটি হচ্ছে কট্টরপন্থী উগান্ডার মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি বিদ্রোহী গ্রুপ। খবরে বলা হয়, রবিবার ওই এলাকায় কঙ্গোর সেনাদের সঙ্গে এ বিদ্রোহী গ্রুপের সংঘর্ষ হয়। আগের দিন এডিএফ এ এলাকায় প্রায় ১০টি যানবাহনে হামলা চালায়।
IMG1
জাতিসংঘ মিশন জানায়, ভোর সাড়ে ৫টার দিকে মামুনদিওমা ঘাঁটিতে হামলা চালানো হয়। তারা আরো জানায়, ওই এলাকায় স্থল ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে। মিশনের এক বিবৃতিতে বলা হয়, সেখানে জাতিসংঘ সামরিক ঘাঁটিতে হামলায় শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্য নিহত ও আরো ১২ জন আহত হওয়ার খবর জানা গেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে। নিহত সেনারা তাঞ্জানিয়ার নাগরিক বলে তিনি নিশ্চিত করেন। মহাসচিব এ ঘটনার দ্রুত তদন্ত করে হামলাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে কঙ্গো কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এএফপি।
 
ইত্তেফাক/সেতু