কক্সবাজারে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৬:০১
 
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওর ইসলামাবাদ খোদাইবাড়ি এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- কক্সবাজারের রামুর রশিদ নগর নতুনবাজার এলাকার ওলামিয়ার ছেলে ইজিবাইক চালক আবদু রশিদ (২৬), ওই ইজিবাইকের চালক একই উপজেলার ঈদগড়ের ঠুডারবিল এলাকার মৃত আমির হোনের ছেলে নুরুল হক (৫৫)।
 
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইজিবাইক চালক আবদু রশিদ খুটাখালী থেকে যাত্রী নিয়ে ঈদগাঁও আসছিল। ইজিবাইকটি মহাসড়কের খোদাইবাড়ি রাস্তার মাথা নামক এলাকায় পৌঁছুলে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি বাস ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর চালক আবদুর রশিদ মারা যান। স্থানীয়রা উদ্ধার করে ইজিবাইকের যাত্রীদের হাসপাতালে নেয়ার পথে মারা যান নুরুল হক।
 
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. খাইরুজ্জামান তথ্যের সত্যতা জানিয়ে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ডুলহাজারা মালুমঘাট হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়। নিহতদের সুরতহাল রিপোর্ট করে অভিযোগ না করার কথা বলে পরিবারের সদস্যরা লাশগুলো নিয়ে গেছে।দুর্ঘটনা কবলিত বাস ও ইজিবাইক জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
 
ইত্তেফাক/জামান