‘উন্নত দেশ ও এসডিজি অর্জনে কারিগরি শিক্ষার বিকল্প নেই’

আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৬:০৪
উন্নত দেশ গঠন ও ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। উন্নত দেশগুলোর মতো ২০২০ সালের মধ্যে সামগ্রিক শিক্ষার শতকরা ২০ ভাগ, ২০৩০ সালের মধ্যে শতকরা ৩০ভাগ এবং ২০৪০ সালের মধ্যে শতকরা ৫০ ভাগ কারিগরি জনশক্তি সৃষ্টির ঘোষণাকে কার্যকর করতে হলে আলাদাভাবে একটি কারিগরি মন্ত্রণালয় গঠন জরুরি হয়ে উঠেছে।
 
আজ মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলা হয়।
 
কাকরাইলের আইডিইবি ভবনে প্রতিষ্ঠানের ৪০তম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনব্যাপী সম্মেলনের প্রাক-প্রস্তুতি এবং ৩ দিনের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান।
 
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ। এ সময় উপস্থিত ছিলেন, আইডিইবি’র জনসংযোগ ও প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবিএম আতিয়ার রহমান, ঢাকা জেলা শাখার সভাপতি খবির হোসেন প্রমুখ।
 
সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান আরো জানান, ১২টি কর্মঅধিবেশনে বিভক্ত এ সম্মেলনে জাতীয় প্রেক্ষাপটে ২টি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ প্রধান অতিথি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্ল্যা খন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 
 
ইত্তেফাক/এমআই