মিঠাপুকুরে নববধূর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৬:৪৭
 
মিঠাপুকুরে পারিবারিক কলহের জেরে রোকেয়া বেগম (২২) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ মঙ্গলবার দুপুরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ঘটনার পর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রানীপুকুর ইউনিয়নের ভক্তিপুর গ্রামের তারা মিয়ার মেয়ে রোকেয়া বেগমের (২২) এক বছর আগে বিয়ে হয়। খোড়াগাছ ইউনিয়নের রূপসী ফকিরপাড়ার আবদুর রাজ্জাকের বেকার ছেলে জাহেরুল ইসলামের সঙ্গে। বিয়ের পর বেকার স্বামীর সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকত। এর জেরে সোমবার সকালে রোকেয়ার সঙ্গে জাহেরুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রোকেয়াকে বেধড়ক মারপিট করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতে আবারো ঝগড়া হয়। 
 
পরদিন মঙ্গলবার সকালে প্রতিবেশিরা ঘরের দরজা ভেঙে রোকেয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশের সুরত হাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর বাড়ির লোকজন পালিয়ে যায়।
 
মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক বলেন, রোকেয়ার মৃত্যু হত্যা না আত্মহত্যা- ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বাড়ির লোকজন পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। তবে, আটকের জন্য জোর চেষ্টা অব্যাহত রয়েছে। 
 
ইত্তেফাক/কেকে