রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ও বাউসা ইউনিয়নের উপর দিয়ে মঙ্গলবার দুপুরে ঝড় বয়ে যায়। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ৮টি গ্রাম । ঘটনার পর এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সকাল থেকে অঝরে বৃষ্টি ঝরছিল পুরো এলাকায়। দুপুরে ঝড় বয়ে যায় উপজেলায় আড়ানী ইউনিয়নের-হরিপুর, বেড়েরবাড়ি, ঝিনা, নুরনগর, গোচর ও খয়ের মিল এবং বাউসা ইউনিয়নের-দিঘা ও খাগর বাড়িয়া এলাকায়। ঝড়ের কবলে পড়ে মারা গেছেন আড়ানী ইউনিয়নের গোচর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ছাদের আলী (৫৫) ।
IMG0
বাউসা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক জানান, এতে মসজিদ ও মন্দিরসহ প্রায় ২শ’ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক জানান, ঝড়ে তার এলাকার ৬টি গ্রাম তছনছ হয়ে গেছে। রাস্তায় গাছপালা ভেঙ্গে যাওয়ার কারণে যান চলাচল করতে পারছে না।
IMG1
এদিকে ঘটনার পর বৃষ্টি উপেক্ষা করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম।নির্বাহী কর্মকর্তা বলেন, আমি খবর পাওয়া মাত্র এলাকায় চলে আসি এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছি। বিষয়টি আমি জেলা প্রশাসককে জানিয়েছি।
ইত্তেফাক/ আরকেজি
