দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে নড়াইলের জেলা প্রশাসন ও এসএম সুলতান সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, এসএম সুলতান বেঙ্গল চারু ও কলা মহাবিদ্যালয়, লাল বাউল সম্প্রদায়সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শহরের কুড়িগ্রামে সুলতান কমপ্লেক্সে শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে এখানে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুলতানের শিশুস্বর্গ ভবনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. এমদাদুল হক চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন নড়াইল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, এসএম সুলতান বেঙ্গল চারু ও কলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার শীল, জেলা কালচারাল অফিসার হায়দার আলী প্রমুখ।
ইত্তেফাক/ আরকেজি
