রামগঞ্জের নাগমুদ ওয়ার্ডের ইউপি সদস্য মো. আরিফ হোসেন মাছিমপুর এলএম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে (১২) বিয়ে করে প্রশাসনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের পাইকের বাড়িতে সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের রুহুল আমিনের ছেলে ইউপি সদস্য মো. আরিফ হোসেন ও মাছিমপুর পাইকের বাড়ির মৃত মিজানুর রহমানের মেয়ে নুসরাত জাহান জেরিনের সোমবার বিয়ের দিন তারিখ ঠিক হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ মহিলা বিষয়ক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠান। এদিকে আইনের কোন তোয়াক্কা না করে পরিবারের লোকজন বিয়ে দিয়ে দেয়। বর্তমানে প্রশাসনের তৎপরতায় বাড়িঘর ছেড়ে নববধূকে নিয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন আরিফ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ জানান, ইউপি সদস্য আরিফ বাল্যবিবাহ নিরোধ আইনের কোন তোয়াক্কা না করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোন অবস্থাতেই তাকে ছাড় দেওয়া হবে না।
ইত্তেফাক/ আরকেজি
