পাংশায় ৭ জেলের কারাদণ্ড

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১২:৩৯
 
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে সাত জেলেকে ১২ দিন করে কারাদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার সকালে উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় মৎস্য অফিস। এ সময় মাছ ধরা অবস্থায় সাত জেলেকে আটক করা হয়। সেই সাথে জব্দ করা হয় দুই হাজার মিটার কারেন্ট জাল ও আট কেজি মাছ।
 
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. শাখাওয়াত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৭ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড ও এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এবং জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
ইত্তেফাক/জামান