ক্যাম্পে সবাই আমাকে লক্ষ্মী মেয়ে বলত: পুষ্পিতা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৪:২২
 
চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ সঙ্গীত প্রতিযোগিতার পঞ্চম আসর ২০১৫’র বিজয়ী গাইবান্ধার মেয়ে নুজহাত সাবিহা পুষ্পিতা।  বর্তমানে ব্যস্ত সময় কাটছে বিভিন্ন টিভি লাইভ ও নতুন নতুন গান নিয়ে। আগামীর পরিকল্পনা কী, সঙ্গীতচর্চায় কিভাবে এগিয়ে যেতে চান-সেসব বিষয় নিয়ে বিস্তারিত কথা হলো ইত্তেফাক অনলাইনের সঙ্গে। 
 
ক্ষুদে গানরাজ মুকুট জয়ের পর মিডিয়ায় এখনকার পথচলা কেমন-
 
অনেক কাজই করেছি। চ্যানেল আইয়ে প্রায়ই লাইভ করা হয়। এর মধ্যে ‘লাল সবুজের বাংলাদেশ’ শিরোনামের একটি গান প্রকাশ করেছি এ বছর। দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন মাহিন। কথা লিখেছেন আপন অপু, সুর ও সংগীত করেছেন মোশাররফ আজমী। ভিডিওটির সার্বিক নির্দেশনা দিয়েছেন খন্দকার বাপ্পি।
 
‘লাল সবুজের বাংলাদেশ’ গানটিতে কতটুকু সাড়া পেয়েছেন-
 
২৬ মার্চ গানটি প্রকাশ হয়। দেশাত্মবোধক গান। আমার জায়গা থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। অনেকেই গানটির প্রশংসা করছেন।
 
নিজেকে এগিয়ে নিতে প্রস্তুতি কেমন-
 
আমি ছোট মানুষ। নবম শ্রেণিতে পড়াশোনা করছি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে। সামনে অনেক পথ। গান শিখছি। নিয়মিত চর্চা করে যাচ্ছি। ফেরদৌস আরা ম্যাডাম পরিচালিত সুরসপ্তকে ক্লাসিক্যাল শিখছি অনিল কুমার সাহার কাছে। আর নজরুল সংগীত ও অনন্য অনন্য  সংগীত  শেখাচ্ছেন ফেরদৌস আরা ম্যাডাম।
 
রিয়েলিটি শোর অভিজ্ঞতাটা কেমন ছিল-
 
যেমন মজা হয়েছে, অনেক অভিজ্ঞতাও হয়েছে। নিয়মিত চর্চা করতে হয়েছে সেখানে। দীর্ঘ ছয় মাস ছিলাম ক্যাম্পে। ক্যাম্পের রান্না খেতে খেতে আর ভালো লাগছিল না। তখন আম্মুকে বলেছি রান্না করে নিয়ে আসতে। মাঝে মাঝে ছুটি মিলত, বাসায় চলে যেতাম। ক্যাম্পের সময়গুলো দারুণ কেটেছে। এখনো সেই সময়টা মিস করি। ক্যাম্পে সবাই আমাকে লক্ষ্মী মেয়ে বলত। হুটহাট আমার গান পরিবর্তন করা হয়েছে। নতুন গান কণ্ঠে তুলেও বেস্ট ভয়েস হয়েছি অনেকবার।
IMG0
গান শেখার ক্ষেত্রে আইডল মানেন কাকে-
 
রুনা লায়লা ম্যাডাম, ফেরদৌস আরা ম্যাডাম ও এস আই টুটুল স্যার আমার প্রিয় শিল্পী।
 
নতুন গান নিয়ে আর কোনো পরিকল্পনা-
 
১০টি গান নিয়ে একটি অ্যালবামের কাজ করছি। সব গানই তৈরি করছেন সুরকার, সংগীত পরিচালক লোকমান হাকিম। অ্যালবামে দেশাত্মবোধক, লোকসংগীত, আধুনিকগানসহ মাকে নিয়েও একটি গান রেখেছি। অবশ্য এখনকার কণ্ঠটা ধরে রাখার জন্যই এ অ্যালবাম করা। এ ছাড়া ১০টি গান আমার ক্যারিয়ারে যোগ হলো।
 
অ্যালবাম প্রকাশ হচ্ছে কবে-
 
বেশ কিছু গান করা হয়েছে। আগামী বছরের শুরুর দিকে অ্যালবাম প্রকাশ করার ইচ্ছা আছে। 
 
ইত্তেফাক/আনিসুর