নেদারল্যান্ড বাদ পড়ায় অবসরের ঘোষণা রোবেনের

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৪:৫০
রাশিয়া বিশ্বকাপের চূড়ান্তপর্বে ওঠায় ব্যর্থ হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দলটির তারকা ফুটবলার আরিয়েন রোবেন। রোবেনের জোড়া গোলে মঙ্গলবার রাতে সুইডেনকে ২-০ গোলে হারায় ডাচরা। তা সত্ত্বেও প্লে-অফ পর্বে ওঠতে ব্যর্থ হয় সেমিফাইনালিস্টরা। এরপরই নিজের অবসরের ঘোষণা দেন ৩৩ বছর বয়সী এই উইঙ্গার।
 
অনানুষ্ঠানিকভাবে ডাচরা আরও আগেই বিশ্বকাপে ওঠার লড়াই থেকে ছিটকে পড়ে। কারণ প্লে-অফ নিশ্চিত করতে সুইডেনের বিপক্ষে ডজন গোলের ব্যবধানে জেতা প্রয়োজন ছিল। যা এক ধরনের অসম্ভবই ছিল দলটির জন্য। তবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ছিটকে পড়ার পর অবসরের কথা জানিয়ে বায়ার্ন মিউনিখে খেলা রোবেন বলেন, সিদ্ধান্তটা খুব সহজ ছিল না। তবে আমার বয়স এখন ৩৩। তাই এখন ক্লাবের দিকেই পূর্ণ মনযোগ দেওয়া উচিত।
 
২০০৩ সালে অভিষেকের পর ৯৬ ম্যাচ থেকে ৩৭ গোল করেছেন রোবেন। দলটির সর্বকালের সেরা গোলদাতাদের মধ্যে তিনি যৌথভাবে চতুর্থ। রোবেন ডাচদের ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন। এর মধ্যে ২০১০ সালে ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা বঞ্চিত হন। অপরদিকে ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেয় তার দল। তবে ব্রাজিলকে হারিয়ে তৃতীয় হয়েছিল দলটি।  
 
ইত্তেফাক/কেআই