নেত্রকোনার পূর্বধলায় বুধবার ভোরে থানা হাজতের টয়লেটের গ্রিল ভেঙে রুবেল মিয়া (২৯) নামে এক হত্যা মামলার আসামি পালিয়েছেন। রুবেল উপজেলার খলিশাউড় ইউনিয়নের গড়য়াকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রুবেল সম্প্রতি পূর্বধলা উপজেলায় মোটর সাইকেল চালক কাকন হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামি। গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রুবেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত রুবেলকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কথা ছিল। কিন্তু ভোর সাড়ে চারটার দিকে কৌশলে থানা হাজতের টয়লেটের গ্রিল ভেঙে পুলিশের নিরাপত্তা বেষ্টনী থেকে পালিয়ে যায়। তবে আমরা তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা করছি।
ইত্তেফাক/জামান
