চট্টগ্রামে চোরাচালানের অভিযোগে উচ্চক্ষমতা সম্পন্ন নিষিদ্ধ দুইটি মোটরসাইকেল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।আজ বুধবার চট্টগ্রামের কোতোয়ালী থানায় পাথরঘাটা এলাকার বান্ডেল রোডের ‘মা’ ভবনের নিচতলা থেকে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, গত ৫ অক্টোবর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জনাব ইমতিয়াজ হাবিব এর মালিকানাধীন উক্ত ভবনের নিচতলার পার্কিং এ কালো রঙের একটি হার্লি-ডেভিডসন মোটরবাইক (রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো এ-১১২৮) এবং একটি রয়েল এনফিল্ড মোটরবাইক (ঢাকা মেট্রো-এ-০১১৭) দেখতে পাওয়া যায়।
ওই মোটরসাইকেল দুটোর আমদানি এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত দলিলাদি দেখানোর জন্য অনুরোধ করা হলে মালিকপক্ষ তা দেখাতে ব্যর্থ হন।
পরবর্তীতে মোটরসাইকেল দুটোর আমদানিযোগ্যতা নিয়ে আরো যাচাইয়ের জন্য কাস্টমস গোডাউনে জমা করা হয়।
পরে অনুসন্ধানে দেখা যায়, মোটরসাইকেল দুটোতে ব্যবহৃত রেজিস্ট্রেশন নম্বর নকল। বিআরটিএ হতে প্রাপ্ত তথ্যে এটি নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, যে আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ এর আমদানি নিয়ন্ত্রিত পণ্যের তালিকা-পরিশিষ্ট-১ অনুযায়ী ১৫৫ সিসি’র উর্ধ্বে সকল মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ।
মোটরসাইকেল ব্যবহারকারীদের সম্পর্কেও তথ্য নেয়া হচ্ছে। মোটরসাইকেল দুটো চোরাচালানের মাধ্যমে অথবা অন্য কোনো পণ্যের আড়ালে মিথ্যা ঘোষণায় আমদানি করা হয়েছে মর্মে ধারণা করা হচ্ছে। ওই মোটরসাইকেল দুটোর বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
এবিষয়ে বিভাগীয় মামলা দায়েরসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/কেকে
