অনলাইন শপিংয়ের নামে প্রতারণা, গ্রেফতার ২

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৮:১২
চট্টগ্রামে অনলাইন শপিংয়ের নামে প্রতারণার দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। 
 
এরা হলেন- সুমন খন্দকার ও সাজ্জাদ নেওয়াজ খান। বুধবার নগরীর পাঠানটুলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইলের সিম, দামি মোবাইল সেট ও একটি ছুরি উদ্ধার করা হয়।
 
সিএমপির জনসংযোগ কর্মকর্তা মো. আকরামুল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি সুমন খন্দকার জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে বিক্রয় ডট কমে ‘অনলাইন শপ’ এবং ‘২৪.কম’ নামে আইডি খুলে মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ এর ছবির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করতেন। পরে টাকা নিয়ে অরিজিনাল পণ্যের প্যাকেটে নষ্ট, পুরাতন অথবা চায়না সস্তা মোবাইল পাঠিয়ে অসংখ্য লোকদের প্রতারণা করতেন।
 
অপর আসামী সাজ্জাদ নেওয়াজ খান জানান, তারা আরো কয়েকজন মিলে নগরীর দেওয়ানহাট, টাইগারপাস, বাদামতলী, চৌমুহনী এলাকায় ছিনতাই চক্রের সঙ্গে জড়িত এবং ছিনতাইকৃত মোবাইলের সিম দিয়ে তারা বিভিন্ন লোকের কাছে বিকাশে চাঁদা দাবি করে।
 
 
ইত্তেফাক/ইউবি