মিরপুরে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ২০:২৪
রাজধানীর মিরপুরে পৃথক ঘটনায় এক নবজাতকসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন- গৃহবধূ জামিলা খাতুন (২৩), জিয়াউর রহমান (৪৪) ও একদিন বয়সী নবজাতক। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। 
 
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মিরপুর-১ নম্বর, শাহআলীআগ ও দারুসসালামের লালকুঠি এলাকা থেকে মঙ্গলবার রাতে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে মিরপুর-১ নম্বর সেকশনের বিসিআইসি কলেজের সামনে মঙ্গলবার রাত দেড়টার দিকে এক মেয়ে নবজাতকের মৃতদেহ পাওয়া যায়। শাহআলী থানা পুলিশের ধারণা, শিশুটি জন্মের পরপরই মারা যায়, অথবা তাকে মৃত অবস্থায় প্রসব করা হয়। পরে সবার অগোচরে কেউ মৃতদেহটি ফেলে যায়। ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ জানা যাবে বলে আশা পুলিশের।
 
এদিকে মিরপুর-১ নম্বর সেকশনের শাহআলীবাগ ধানক্ষেতের মোড় এলাকার একটি ভবনের তৃতীয় তলা থেকে জামিলা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি স্বামী-সন্তানের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার রাত ৮ টার দিকে পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানান স্বজনরা। 
 
অপর ঘটনায় মঙ্গলবার রাত ৯টার দিকে দারুস সালামের লালকুঠি এলাকার তৃতীয় কলোনির ২৭৮/বি নম্বর বাসা থেকে জিয়াউর রহমানের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে দাম্পত্য কলহের কারণে কিছুদিন আগে তার স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এ কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। 
 
ইত্তেফাক/এমআই