জনপ্রিয় অভিনেত্রী নিপুন আক্তার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে মৌসুমীর ছেড়ে দেয়া পদে শপথ নিলেন নিপুণ। গতকাল বুধবার বিকাল ৫টায় বিএফডিসিতে সমিতির কার্যালয়ে শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর শপথ বাক্য পাঠ করান নিপুনকে। এ সময় আরও উপস্থিত ছিলেন অঞ্জনা, আলীরাজ, ফেরদৌস, রিয়াজ, পপি, জায়েদ খান, ইমন, সাইমনসহ অনেকে।
এদিকে অভিনয়ে নিয়মিত না হলেও এ সংশ্লিষ্ট সব কাজে যুক্ত থাকতে চান বলে জানালেন নিপুণ। পাশাপাশি শপথবাক্য পাঠ শেষে সবার সহযোগিতা ও দোয়া চান এ নায়িকা।
IMG0
নিপুণ বলেন, শিল্পী সমিতিতে যোগ দিয়ে আমি সত্যিই অভিভূত। আমার উপর এমন দায়িত্ব দেয়ায় শিল্পী সমিতির সবার কাছে কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন, যেনো বাংলা চলচ্চিত্র ও শিল্পীদের জন্য কাজ করে যেতে পারি। এবং যারা আমার উপর বিশ্বাস রেখে শিল্পী সমিতিতে যুক্ত করে নিলেন তাদের সেই বিশ্বাসের মূল্য দিতে পারি।
চলতি বছরের ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয় লাভ করে মিশা-জায়েদ প্যানেল। অন্য প্যানেল থেকে চিত্রনায়িকা মৌসুমী কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হন। এরপর গত ৩ জুলাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন মৌসুমী।
ইত্তেফাক/আনিসুর
