নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে। আহতদের আট জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, রণচণ্ডী কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের জন্য একজন বিদ্যা-উৎসাহী সদস্য ও একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে কমিটিতে অন্তর্ভুক্ত করা নিয়ে প্রধান শিক্ষক ভুপেন চন্দ্র রায় ও সহকারী শিক্ষক জোগেস চন্দ্রের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছিল। ঘটনার দিন বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুজাত শরীফ জেমস বলেন, আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ বলেন, ঘটনাটি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/জামান
