নোয়াখালী জেলা শহর মাইজদীতে বুধবার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির ১১৭জন নেতা কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই সাথে বিস্ফোরক দ্রব্য আইন ও পুলিশের ওপর হামলা সংক্রান্ত মামলা দায়ের করা হয়। এ মামলায় বুধবার গ্রেফতারকৃত ১৪ জনসহ ১১৭ জনকে এজাহারভুক্ত করে সুধারাম থানার এসআই নেপাল চন্দ্র বাদী হয়ে বুধবার রাতে এ মামলা দায়ের করেন। একই মামলায় আরো অজ্ঞাত অনেককে আসামি দেখানো হয়েছে। আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন। সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) মোঃ শাহেদ উদ্দিন এ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, বুধবার সকাল ১১টার দিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে ও তা প্রত্যাহারের দাবিতে বিএনপির নেতাকর্মীরা জেলা শহরের রশিদ কলোনি এলাকায় দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ৩ পুলিশসহ ১০ জন আহত হয় এবং ঘটনাস্থল থেকে ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ইত্তেফাক/জামান
