ঘুষের টাকা নিয়ে বাগবিতণ্ডা: বানারীপাড়ায় সার্ভেয়ারের আঘাতে অফিস সহকারী আহত

আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৮:৩২
 
বানারীপাড়ায় ভূমি অফিসে ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে কানুনগোর অতিরিক্ত দায়িত্বে থাকা সার্ভেয়ার হাবিবুর রহমানের ঘুষিতে অফিস সহকারী আতাহার আলী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, বানারীপাড়া পৌর শহরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিপন দুমাস আগে উপজেলা ভূমি অফিসে তার জমির ৫টি পর্চার সই মোহর নকল (সিপি) উঠাতে দেন। সোমবার অফিস সহকারী আতাহার আলী সিপির স্বাক্ষর নেওয়ার জন্য হাবিবুর রহমানের কাছে গেলে এ ব্যপারে খরচ (ঘুষ) নেওয়া হয়েছে কিনা জানতে চান।
আতাহার কিছু নিয়েছেন জানালে তাকে কেন দেওয়া হয়নি তার কাছে এর কৈফিয়ত চান এবং ক্ষিপ্ত হয়ে স্বাক্ষর দেওয়া থেকে বিরত থাকেন। ওইদিনই তিনি  রিপনের কাছে অজুহাত হিসেবে জমির খতিয়ানের হাল নাগাদ দাখিলা চান এবং অসম্পূর্ণ সিপি ফেরত দেন।
 
রিপন বৃহস্পতিবার সকালে ওই অসম্পূর্ণ  সিপি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও ইসরাত জাহানের কাছে গেলে অফিসিয়াল কপি দেখে ক্ষিপ্ত হয়ে তিনি তা ভূমি অফিসে নিয়ে যাওয়ার জন্য আতাহারের কাছে দিয়ে দেন। সিপি নিয়ে আতাহার ভূমি অফিসে ফিরে এলে ঘুষের ভাগ না পাওয়ায় ক্ষিপ্ত হাবিবুর রহমান নিজেকে রক্ষা করতে ওই সিপি তিনি দেননি বলে দাবী করে আতাহার দিয়েছেন এ অভিযোগ তুলেন। এনিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আতাহারের মুখে ঘুষি দেন হাবিবুর রহমান।
 
বিষয়টি জেনে ইসরাত জাহান অভিযুক্ত হাবিবুর রহমান ও আতাহার আলীকে তার কার্যালয়ে ডেকে নিয়ে দুজনের বক্তব্য নেন। এসময় তিনি ওই ঘটনার প্রত্যক্ষদর্শী মো. সেলিম নামের এক ব্যক্তির লিখিত ও রিপনের মৌক্ষিক সাক্ষ্যও নেন।
 
ইসরাত জাহান জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রয়োজনে ফৌজদারি মামলা দায়ের করা হবে। এদিকে হাবিবুর রহমান কথাকাটাকাটির কথা স্বীকার করলেও ঘুষের টাকা ভাগাভাগি ও মারধরের কথা অস্বীকার করেছেন।
 
ইত্তেফাক/ আরকেজি