আইন প্রণয়নে আইন মন্ত্রণালয় ও আইএফসির মধ্যে চুক্তি

আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ২০:১০
 
বাংলাদেশে উচ্চমানসম্পন্ন আইন প্রণয়নের লক্ষ্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
 
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইএফসির মধ্যে লেজিসলেটিভ ইম্পেক্ট এ্যাসেসমেন্ট (এলআইএ) নামে এই সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। 
 
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব ছায়েদ আহাম্মদ এবং বাংলাদেশে আইএফসির ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার এহসানুল আজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। 
 
এসময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, আইএফসির সিনিয়র ইকোনোমিস্ট ড. মাসরুর রিয়াজ এবং আইন মন্ত্রণালয়ের উভয় বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আনিসুল হক বলেন, ‘বর্তমানে পৃথিবী অনেক বদলে গেছে। কলোনিয়াল সিস্টেম থেকে আমরা এখন যেখানে এসেছি, সেটাকে আমরা বলি গণতন্ত্র। এর মূল স্তম্ভ হচ্ছে অইন প্রণয়ন। আগে আইন প্রণয়ন করা হতো রাজা-বাদশা ও নবাব সাহেবদের সুবিধার্থে। এখন সেই প্রেক্ষিত সম্পূর্ণ বদলে গেছে। এখন প্রেক্ষিত হয়েছে জনগণের উপকার করা।
 
আইন প্রণয়নের বর্তমান পদ্ধতির কথা উল্লেখ করে তিনি বলেন, যখন কোনো আইন প্রণয়ন করে বাস্তবায়নে যাই তখন দেখা যায় এইখানে একটু ভুল আছে, ওখানে আর একটু উন্নতি করলে ভালো হতো, আবার জনগণের কিছু অসুবিধা হচ্ছে, এখন সেই অসুবিধা দূরীকরণের জন্য সংশোধন প্রয়োজন। এইসব বিষয়ের মুখোমুখি হতে হয়। 
 
আইনমন্ত্রী বলেন, আইন প্রণয়নে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করতে হবে, যাতে জনগণের লাভ হয়। সেজন্য এলআইএ গ্রহণ করা হয়েছে। বাসস
 
ইত্তেফাক/কেকে