তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার কাছে ক্ষমতা মানে জঙ্গিদের কাছে দেশকে ইজারা দেওয়া। জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে মহাজোটের বিকল্প নেই। রাজাকার-জঙ্গি-জামায়াতে ইসলাম এ দেশের শত্রু। এদের সঙ্গে কোনো আপোষ নয়। মানিকগঞ্জের ঘিওরে বৃহস্পতিবার বিকেলে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মানিকগঞ্জ জেলা জাসদের সহ-সভাপতি বালিয়াখোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন লেলিনের স্মরণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা মো. সামছুল আলম খানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার (এমপি), জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোবারক হোসেন লুডু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আজিজ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, ঘিওর সদর ইউপি চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম (টুটুল) প্রমুখ।
ইত্তেফাক/ আরকেজি
