পাহাড়ি টিলায় ট্রেন উঠতে ব্যর্থ, সাড়ে ৩ ঘণ্টা ধরে আটকা

আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১১:২৫
 
সিলেট-আখাউড়া রেল সেকশনের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে উপবন এক্সপ্রেস ট্রেনটি পাহাড়ি উঁচু টিলায় উঠতে না পেরে আটকা পড়ে। পরবর্তীতে আরেকটি ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে উদ্ধার করা হয়। এতে সাড়ে তিন ঘণ্টা ধরে ঢাকাগামী আন্তঃনগরের ওই ট্রেনটি আটকা পড়েছিল।
 
শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ১২টা ৪ মিনিটে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন শমশেরনগর স্টেশন ছেড়ে যায়। ১৫ মিনিট পর ট্রেনটি ভানুগাছ স্টেশন অতিক্রম করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রমকালে একটি উঁচু টিলায় উঠতে ব্যর্থ হয়ে সহস্রাধিক যাত্রী নিয়ে পাহাড়ের মাঝে আটকা পড়ে। পরে এই ট্রেনটি পিছনের দিকে ফিরিয়ে ভানুগাছ রেলওয়ে স্টেশনে এনে রাখা হয়। রাত আড়াইটায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী মেইল ট্রেন জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে ভানুগাছ স্টেশন থেকে আটকা পড়া ঢাকাগামী উপবন ট্রেনটি উদ্ধার করে চালানো হয়।
 
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রী বগিগুলি ভানুগাছ স্টেশনে রেখে উপবন এক্সপ্রেসে ট্রেন চালিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। রাত ৩টা ২১ মিনিটে উপবন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্য দিকে আরও একটি ইঞ্জিন এনে ভানুগাছ স্টেশন থেকে জালালাবাদ ট্রেনের যাত্রী বগি নিয়ে গন্তব্যে যায়। এ অবস্থায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
 
ইত্তেফাক/জামান