মির্জাপুরে হত্যার তিনদিন পর যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১২:২৩
 
টাঙ্গাইলের মির্জাপুরে শাকিল হোসেন (২৪) নামে এক যুবককে হত্যার তিনদিন পর বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গোড়াই ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
 
পুলিশ সূত্র জানায়, ওই যুবকের পিতার নাম মো. নাছির উদ্দিন, বাড়ি বাইমাইল গ্রামে। শাকিল মির্জাপুর উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের একটি দোকানে কাজ করতেন।
 
পারিবারিক সূত্র জানায়, গত বুধবার থেকে শাকিল নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। স্থানীয় লোকজন ধেরুয়া এলাকায় ক্ষত-বিক্ষত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশ, উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। কে বা কারা তাকে হত্যা করেছে তার সঠিক কোন কারণ এখনও জানা যায়নি।
 
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান বলেন, হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। কাউকে গ্রেফতার করা যায়নি।
 
ইত্তেফাক/জামান