বগুড়ার ধুনট উপজেলায় আব্দুল মোমিন (১৭) নামে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে নিজ ঘরের শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আব্দুল মোমিন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের প্রান্তিক কৃষক আব্দুর রহমানের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হতদরিদ্র আব্দুল মোমিন প্রায় তিন বছর ধরে ঢাকায় একটি পোশাক তৈরির কারখানায় (গার্মেন্টস) চাকরি করে জীবিকা নির্বাহ করেছে। শারীরিক অসুস্থতার কথা বলে প্রায় এক সপ্তাহ আগে গার্মেন্টস থেকে চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসে মোমিন।
অভাব অনটনের সংসারে মা-বাবার সাথে তার প্রায়ই ঝগড়া-বিবাদ হয়। শুক্রবার সকালের দিকে তারা মা-বাবা জীবিকার তাগিদে বাড়ির বাইরে যান। কিন্তু আব্দুল মোমিন বাড়িতেই অবস্থান করেন। এ অবস্থায় সকাল ৯টার দিকে নিজ ঘরের শয়ন কক্ষে তীরর সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় আব্দুল মোমিনের ঝুলন্ত লাশ দেখেন প্রতিবেশীরা। পরে থানায় খবর দিলে পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল মোমিন।
ইত্তেফাক/জামান
