কুষ্টিয়ায় শিক্ষকের লাঠিপেটায় স্কুলছাত্র গুরুতর আহত

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২২:৪৩

কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর দি ওল্ড হাইস্কুলের সহকারী শিক্ষক মামুনার রশিদ ছাত্রকে বেধড়ক লাঠিপেটা করে গুরুতর আহত করেছেন। সোমবার দুপুরে ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র রায়হান ইসলাম জীবনকে স্কুলের ক্লাস রুমে পিটিয়ে আহত করা হয়।
  
আহত ছাত্র রায়হান ইসলাম জীবন জানান, শিক্ষক মামুনার রশিদ ক্লাসরুমে এসে আমার বিরুদ্ধে ধূমপানের অভিযোগ এনে আমাকে লাঠিপেটা করেন। এসময় আমি শিক্ষকের লাঠিপেটা থেকে নিজকে রক্ষা করার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি।

জানাযায়, ওই শিক্ষকের উপর্যুপরি লাঠির আঘাতে শিক্ষার্থী রায়হান গুরুতর আহত হয়। পরে তার সহপাঠি ও পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহত ছাত্র রায়হান সদর উপজেলার উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শামিদুল ইসলামের ছেলে।

ইংরেজী বিষয়ের শিক্ষক মামুনার রশিদ জানান, রাগের মাথায় একটু মারধর ও শাসন করেছি। 

স্কুলের প্রধান শিক্ষক গোলাম আজম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি ম্যানেজিং কমিটিকে অবগত করা হয়েছে। এছাড়া আহত শিক্ষার্থীর পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা বলেছি। অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান জানান, ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতন নিষিদ্ধ ও সম্পূর্ণ বেআইনী। ছাত্র নির্যাতনের কোন অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ইত্তেফাক/আরকেজি