নাসিরনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১২:৪৩
 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল-তুল্লাপাড়া মধ্যবর্তী তিন নম্বর ব্রিজের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, নাসিরনগর-সরাইল সড়কের দাঁতমণ্ডল-তুল্লাপাড়া মধ্যবর্তী তিন নম্বর ব্রিজ সংলগ্ন লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা  পুলিশকে খবর দেয়। এসময় কেউ লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে নাসিরনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরির্পোট লেখা পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।
 
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে কে বা কারা যুবকটিকে  হত্যা করে লাশটি রাস্তার পাশে ফেলে গেছে। লাশটির পরনে লুঙ্গি এবং গায়ে হাফ হাতা শার্ট ছিল। লাশের মুখে কস্টেপ পেঁচানো ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন। নাম পরিচয় না পাওয়ায় বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠিয়েছেন বলে জানান ওসি।
 
ইত্তেফাক/জামান