সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৩:৩৮
 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা নারায়ণগঞ্জ-শিমরাইল সড়ক অবরোধ করেছে। শনিবার সকাল সাড়ে ৮টায় সাইলো রোড এলাকার রান এ্যাপারেলসের শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে এ অবরোধ করে। এসময় এ সড়কে যান চলাচল বন্ধ থাকে।
 
খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেতনের আশ্বাস পেয়ে শ্রমিকরা সকাল সাড়ে ১০টায় অবরোধ উঠিয়ে নিলে যান চলাচল শুরু হয়।
 
জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইলো রোড এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা আব্দুর রবের মালিকানাধীন রানস্ এ্যাপারেলসে ১৪শ' ৭৫ জন শ্রমিক কর্মরত রয়েছেন। শ্রমিকদের গত তিন মাস ধরে কোন বেতন দিচ্ছেনা মালিক পক্ষ। শ্রমিকদের আশ্বাস দিলেও বকেয়া বেতন পরিশোধ করেনি মালিক পক্ষ।
 
শ্রমিকরা জানায়, মালিক পক্ষ গত ১২ অক্টোবর দুই মাসের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলেও শনিবার পর্যন্ত কোন বেতন দেয়নি। তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শনিবার সকাল সাড়ে ৮টায় শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
 
খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ধাওয়া দিলে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। এসময় পুলিশের সাথে যোগ দেয় মালিক পক্ষের সন্ত্রাসী বাহিনী। উভয় পক্ষের ধাওয়া  ও পাল্টা ধাওয়ায় কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হন।  আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এসময় রানস্ এর মালিক আব্দুর রব শ্রমিকদের বকেয়া বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
 
ইত্তেফাক/জামান