নটর ডেম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার বেনজামিন কস্তার (সিএসসি) মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে উপাচার্য বলেন, ফাদার বেনজামিন কস্তা একজন প্রথিতযথা শিক্ষক ছিলেন। শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি এক উজ্জ্বল ব্যক্তিত্বকে হারাল।
উপাচার্য মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ফাদার বেনজামিন কস্তা ১৯৪২ সালের ২৬ সেপ্টেম্বর গাজীপুর জেলার ভাওয়াল অঞ্চলের দড়িপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১২ সাল পর্যন্ত ফাদার কস্টা নটর ডেম কলেজের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। অধ্যক্ষের দায়িত্ব থেকে অবসর নিয়ে তিনি কিছুদিন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ফাদার বেনজামিন কস্তা শুক্রবার বিকেল চারটার দিকে রাজধানীর সিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বাসস।
ইত্তেফাক/এমআই
