ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ২-১ গোলের হতাশাজনক পরাজয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৮৬ সালের পরে এই প্রথমবারের মত বিশ্বকাপের মূল পর্বের টিকিট পায়নি মার্কিনীরা। এই ব্যর্থতায় দলের কোচ ব্রুস এরিনা সাথে সাথে পদত্যাগ করলেও যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন প্রধান সুনীল গুলাতি জানিয়েছেন তিনি পদ ছাড়ছেন না, এমনকি আবারো তিনি এই পদে নির্বাচনেরও ইঙ্গিত দিয়েছেন।
গুলাতি বলেন, ‘এটা আমাদের জন্য অবশ্যই হতাশার। আমরা বিশ্বকাপে খেলার শতভাগ প্রত্যাশা করেছিলাম। কিন্তু তা হয়নি। রাশিয়ায় যেতে না পারার পুরো ব্যর্থতার দায়ভার অবশ্য আমি নিজের কাঁধে নিচ্ছি।’
৫৮ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক গুলাতি স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি পদত্যাগ করছেন না। তিনি বলেন, আমাদের সামনে এখন অনেকগুলো এজেন্ডা রয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ২০২৬ বিশ্বকাপ এর বিড। পুনরায় সভাপতি নির্বাচিত হলে এই বিষয়টিই আমার সামনে মূল চ্যালেঞ্জ থাকবে।
২০০৬ সালের ১১ মার্চ যুক্তরাষ্ট্র ফুটবল প্রধানের পদে আসীন হয়েছিলেন গুলাতি। চলতি বছর ফিফার কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে চার বছরের দায়িত্ব শেষ করেছেন। বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতায় তার পদত্যাগ নিয়ে সমালোচকরা বেশ সরব হয়ে উঠেছে। গুলাতি অবশ্য এসব বিষয়ে কর্ণপাত করছেন না। পুরো বিষয় অনুধাবন করে তিনি বলেছেন, দলের জন্য যা কিছু করা প্রয়োজন আমরা করবো। আশা করছি খুব শিগগিরই এই পরিস্থিতি কাটিয়ে আবারো আমরা ফিরে আসতে পারবো।
এদিকে বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতে দুটি ম্যাচে পরাজয়ের পরপরই গত নভেম্বরে তৎকালীন কোচ জার্গেন ক্লিন্সম্যানের স্থলাভিষিক্ত হয়েছিলেন ৬৬ বছর বয়সী এরিনা। এর আগে এরিনার অধীনে যুক্তরাষ্ট্র ২০০২ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ২০০৬ সালের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু এবারের ফল দলের জন্য দারুণ হতাশাজনক মন্তব্য করে এরিনা বলেন, ‘গত ১১ মাসে প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা ব্যর্থ হয়েছি। এখানে কোন কারণ আমি দেখাবো না, সব দায়িত্ব নিয়েই আমি পদ ছেড়ে দিচ্ছি। যদিও এই সময়টা দলের জন্য অত্যন্ত কঠিন একটি মুহূর্ত। কিন্তু আশা করছি যুক্তরাষ্ট্র ফুটবল সঠিক পথেই এগিয়ে যাবে।’
গুলাতি জানিয়েছেন, আগামী মাসে দুটি ইউরোপিয়ান প্রীতি ম্যাচের জন্য যুক্তরাষ্ট্র একজন অন্তর্বর্তীকালীন কোচের অধীনেই মাঠে নামবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ দলের কোচ টাব রামোসের নিয়োগের ইঙ্গিত পাওয়া গেছে।
ইত্তেফাক/রেজা
