আক্কেলপুরে মাদ্রাসা থেকে দফতরির লাশ উদ্ধার

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৬:৩৯
 
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্ণগোপিনাথপুরের আলী মামুদপুর আলিম মাদ্রাসার দফতরি শাকিল আহমেদ (৩০) মাদ্রাসার একটি কক্ষের সিলিং ফানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে এলাকাবাসী মাদ্রাসার দ্বিতলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করেন। তিনি আত্মহত্যা করেছেন না তাকে হত্যা করে লাশ ঝুলে রাখা হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। 
 
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার ফজরের নামাজ পড়ে শাকিল বাড়ি থেকে বেড়িয়ে যান। সকাল ৯ টার সময় প্রতিবেশী কয়েকজন জানান, শাকিল মাদ্রাসার দ্বিতীয় তলার একটি কক্ষে সেলিং ফানের সঙ্গে ঝুলে আছেন। তখন মাদ্রাসায় কোনো শিক্ষক বা ছাত্র/ছাত্রী আসেনি। এলাকার লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি উপজেলার পূর্ণগোপিনাথপুর গ্রামের মো. মুসা খলিফার ছেলে ও এক সন্তানের জনক বলে জানা গেছে।  
 
আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পূর্ণগোপিনাথপুর মাদ্রাসার দফতরি আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত রিপোর্ট আসলে প্রকৃত রহস্য জানা যাবে । এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে