খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্বব্যাপী সমাদৃত, আলোচিত ও প্রশংসা অর্জন করেছেন। বাংলাদেশের একটি রাজনৈতিক দল এটাকে ভালো চোখে দেখছেন না। দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।
আজ শনিবার কেরাণীগঞ্জের আটি বাজার বহুমূখী ব্যবসায়ী সমবায় সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী চিন্তা চেতনার কারণেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং একাধিক ভয়াবহ বন্যা পরিস্থিতির পরও অর্থনীতিতে দেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। যা সারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের কাছে একজন নন্দিত নেত্রী। রোহিঙ্গাদের আশ্রয়দিয়ে তিনি আরো একধাপ এগিয়েছেন। বিশ্ব নেতৃবৃন্দ আজ তাকে মানবতার নেত্রী হিসেবে আখ্যায়িত করছেন।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি রোহিঙ্গা সমস্যা নিয়ে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চায়। এ রাজনৈতিক দলটি হলো আগুন সন্ত্রাসের মদদ দাতা।
ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হাজী মো.জাকির হোসেনের সভাপতিত্বে করাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহে এলিদ মাইনুল আমিন, ভাকুর্তা ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, যুবলীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন। বাসস
ইত্তেফাক/কেকে
