শাহজালালে দেড় কেজি স্বর্ণ, বিমানকর্মীসহ গ্রেফতার ২

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৯:৪১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের অভিযোগে বাংলাদেশ বিমানের এক কর্মীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। এছাড়া বিমানের আরও এক যাত্রীকে আটক করা হয়। শনিবার ভোর সাড়ে চারটার দিকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ট্রাফিক বিভাগের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার ওমর ফারুক এবং বিমানযাত্রী কাজী কামরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মহাপরিচালক  ড. মঈনুল খান। 
 
তিনি জানান, যাত্রী  কামরুল ইসলাম কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় আসেন। ভোর সাড়ে চারটার দিকে বোর্ডিং ব্রিজে যাত্রীর সঙ্গে থাকা দেড় কেজি স্বর্ণ বিমানকর্মীর কাছে গোপনে হস্তান্তর করার সময় শুল্ক গোয়েন্দারা দুজনকেই হাতেনাতে আটক করে ফেলেন।
 
মহাপরিচালক মহাপরিচালক  ড. মঈনুল খান আরও বলেন, এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে। আটকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, মামলাটি গুরুত্বের সাথে তদন্তের জন্য সিআইডিকে অনুরোধ জানানো হয়েছে। 
 
শাহজালালে ২৮০ কার্টন বিদেশি সিগারেট জব্দ, আটক ১
 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ২৮০ কার্টন বিদেশি সিগারেটসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম কর্তৃপক্ষ। আটককৃত যাত্রীর নাম বাহার উদ্দিন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। জব্দকৃত বিদেশি সিগারেটের মূল্য প্রায় ৬ লাখ টাকা।
 
এ ব্যাপারে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের (বিজি-০৯২) নম্বরের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। বিমানের যাত্রী বাহার উদ্দিন। ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ৩টি লাগেজ খুলে তার ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২৮০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত বিদেশি সিগারেটগুলো কাস্টমসের হেফাজতে আছে। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এমআই