উত্তরায় ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২১:৩৫
রাজধানীর উত্তরায় ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়ে অসুস্থ কবির হোসেন (৪২) মারা গেছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য শুক্রবার রাতে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
 
বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া বলেন, উত্তরার জসীম উদ্দিন রোড এলাকা থেকে ৮ অক্টোবর সন্ধ্যায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর তিনি শুধু নিজের নাম ও বয়স বলতে পেরেছিলেন। চিকিৎসকদের ধারণা, অজ্ঞান পার্টির ব্যবহৃত কড়া চেতনানাশক ওষুধের কারণে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
 
ইত্তেফাক/এমআই