ওয়ানডেতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মিশন

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৪:১৬
দুই ম্যাচ টেস্ট সিরিজে চরম ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ। ডায়মন্ড ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে এই ম্যাচ। কিম্বার্লিতে এর আগে খেলা দুটি ওয়ানডেতেই বাংলাদেশ হেরেছে। এর মধ্যে ২০০২ সালে দ্বিপাক্ষিক সিরিজে স্বাগতিকদের কাছে হেরেছে টাইগাররা। পরের বছর বিশ্বকাপে নিউ জিল্যান্ডের কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশ।
 
এই ম্যাচকে সামনে রেখে ঊরুর চোট কাটিয়ে ফিরেছেন তামিম ইকবাল। তাই ওপেনিংয়ে তার সঙ্গী হবেন ইমরুল কায়েস বা সৌম্য সরকার। তবে দুঃসংবাদ গোড়ালীর ইনজুরিতে ছিটকে পড়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। অবশ্য মুস্তাফিজ ছাড়াও দলে আছেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। অভিষেক হতে পারে তরুণ পেসার অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনের, সঙ্গে তো মাশরাফি আছেনই। তাই মুস্তাফিজ না থাকলেও চার পেসার নামানো সম্ভব মাশরাফির জন্য।
 
এছাড়া টেস্টে বিশ্রামে থাকলেও ওয়ানডেতে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে আরেকজন স্পিনারকে নামানো হতে পারে।
 
টেস্ট ও ওয়ানডে প্রস্তুতি ম্যাচে চরম ব্যর্থতার পরও ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর আশা করছে বাংলাদেশ। টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, ‘নিজেদের সেরা ক্রিকেট খেললে অবশ্যই জেতা সম্ভব। আমাদের চেষ্টা করতে হবে সব নেতিবাচক ব্যাপারগুলো বাইরে রেখে, ইতিবাচক ব্যাপারগুলো নিয়ে চিন্তা করা এবং মাঠে তা বাস্তবায়ন করা।’
 
বাংলাদেশকে সমীহ করছে দক্ষিণ আফ্রিকাও। দলটির অধিনায়ক ফাফ ডু প্লেসিস বলেন, ‘আমি মনে করি, সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ দেশের বাইরে নিজেদের প্রমাণ করেছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওরা সেমি-ফাইনালে খেলেছে। দেশের বাইরে ওদের টেস্ট রেকর্ড সম্পূর্ণ ভিন্ন। সাদা বলের ক্রিকেটে ওরা দেখিয়েছে, তারা বিপজ্জনক একটি দল। অবশ্যই টেস্টে আমরা দাপট দেখিয়েছে কিন্তু ওয়ানডেতে তারা ভিন্ন রকম চ্যালেঞ্জ জানাতে পারে।’
 
ইত্তেফাক/কেআই